Technology Used by Successwful Businesses

এখন অল্প পারিশ্রমিকের বিনিময়ে পাওয়া যাচ্ছে বিশেষজ্ঞ হ্যাকার ভাড়া


কারো অ্যাকাউন্ট কিংবা ওয়েবসাইট হ্যাক করা, ব্যক্তিগত ইমেইল জোগাড় ইত্যাদি এখন অনেকটাই সহজ হয়ে গেছে। কারণ এখন অল্প পারিশ্রমিকের বিনিময়ে পাওয়া যাচ্ছে বিশেষজ্ঞ হ্যাকার ভাড়া। সাথে ৫-১০ ডলার খরচ করলেই মিলছে হ্যাকিংয়ের নানা টুলস।
নিরাপত্তা প্রতিষ্ঠান ডেল সিকিউরওয়ার্কস গত মঙ্গলবার হ্যাকিং ও হ্যাকারের সহজলভ্যতা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, রাশিয়াসহ বিভিন্ন দেশের হ্যাকারদের সহজলভ্যতায় আন্ডারগ্রাউন্ড মার্কেটের এখন রমরমা বাণিজ্য।
সাইবার অপরাধ ঘটাতে ভাইরাসসহ বিভিন্ন সফটওয়্যার তথা ম্যালওয়্যার এখন আগের তুলনায় অনেক কম মূল্যে পাওয়া যাচ্ছে বলে একজন বিশ্লেষক জানিয়েছেন, তিনি গত ৮ মাসে প্রায় ডজনখানেক ওয়েবসাইটের নিরাপত্তা নিয়ে কাজ করেছেন।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, হ্যাকাররা মাত্র ১২৯ ডলারেই জিমেইল কিংবা ইয়াহুর ব্যক্তিগত মেইল চুরি করে দেওয়ার সুযোগ দিচ্ছে। হ্যাকিংয়ের শিকার হলেও ব্যবহারকারী কোনো নোটিফিকেশন পাবে না এমন প্রতিশ্রুতিও দিচ্ছে তারা।
নিরাপত্তা প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, কর্পোরেট মেইলের প্রতিটি মেইলবক্স হ্যাকিংয়ের জন্য ৫০০ ডলার করে লোভনীয় অফার দিচ্ছে হ্যাকাররা।
এখন অনলাইনে নতুন হ্যাকারদের জন্য টিউটোরিয়াল যেমন কিভাবে ফিশিং ইমেইল পাঠাতে হয় এসব মাত্র ২০ থেকে ৪০ ডলারে পাওয়া যায়। এছাড়া গোপনীয়তার সাথে দূরবর্তী কম্পিউটারের নিয়ন্ত্রণ নেওয়ার ‘ট্রোজান’ মাত্র ৫ থেকে ১০ ডলারে পাওয়া যাচ্ছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, হ্যাকাররা এখন নিয়মিত ব্যবসার মতোই তাদের কার্যক্রম পরিচালনা করছে। রাশিয়ার অনেক হ্যাকার ২৪/৭ গ্রাহকসেবা দিচ্ছে। অনেকেই আবার স্টার্টআপ কোম্পানির মতোই নানা অফার দিচ্ছে, যেমন বিনামূল্যে পরীক্ষামূলক হ্যাকিং, অসীম সক্ষমতা ইত্যাদি।
নিরাপত্তা প্রতিষ্ঠানটি জানাচ্ছে হ্যাকার ও হ্যাকিংয়ের এই সহজলভ্যতা আগামীতে ব্যক্তি, প্রতিষ্ঠানসহ আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে বড় ধরণের বিপদের মুখে ফেলতে পারে।

Author:

Founder and Chief Editor At Hacker News Bd And Interested In Hacking.

Facebook Comment