বাংলাদেশ ব্যাংকে হ্যাকিংয়ের ঘটনায় তিনটি গ্রুপ জড়িত বলে তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন। তিনটি গ্রুপের মধ্যে একটি দক্ষিণ কোরিয়ার, আরেকটি পাকিস্তানের। অপর গ্রুপটি ব্যাংকটির নেটওয়ার্কের ভেতরে অবস্থান করেছিল।
তদন্ত দলের দুই কর্মকর্তার বরাত দিয়ে যুক্তরাজ্যের সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, তদন্ত দল এই হ্যাকিংয়ের ঘটনায় তিনটি গ্রুপের জড়িত থাকার বিষয়ে বিভিন্ন তথ্য-প্রমাণ পেয়েছে।
এদিকে বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ বিভিন্ন ফরেনসিক তদন্তের জন্য নিযুক্ত করেছে ফায়ারআই’কে। প্রতিষ্ঠানটি বেশকিছু ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করেছে বলে জানা গেছে।
এসব ফিঙ্গারপ্রিন্ট তৃতীয় গ্রুপটির। যারা ব্যাংকের নেটওয়ার্কের ভেতরে অবস্থান করছিল। তবে তাদের পরিচয় এখনও শনাক্ত করা হয়নি বলে তদন্ত দলের একটি সূত্র জানিয়েছে। এছাড়াও ফায়ারআই যেসব তথ্য পেয়েছে তা অপরাধীদের শনাক্ত করার জন্য যথেষ্ট নয় বলে জানা গেছে।
বিষয়টি নিয়ে রয়টার্স ফায়ারআই’য়ের মুখপাত্র ভিটর ডি সুজার সঙ্গে যোগাযোগ করে। তবে তিনি কোনো মন্তব্য করেননি।
