অ্যাপলের আইফোন হ্যাক করতে পারলে হ্যাকারকে ১০ লাখ ডলার পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছে মার্কিন সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠান জিরোডিউম। আইফোনের লক খোলা নিয়ে অ্যাপল-এফবিআই দ্বন্দ্ব শেষ হতে না হতেই জিরোডিউমের এই ঘোষণা অ্যাপলের জন্য দুশ্চিন্তার কারণ হতে পারে বলে মনে করছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা।
জিরোডিউম হচ্ছে সাইবার অস্ত্রের ব্যবসায়ী। প্রতিষ্ঠানটি বিভিন্ন প্রতিষ্ঠান ও পণ্যের সাইবার নিরাপত্তা ভাঙার জন্য হ্যাকারদের মোটা অংকের অর্থ দিয়ে থাকে। তবে অর্থের বিনিময়ে তারা হ্যাকারদের কাছ থেকে হ্যাকিংয়ের ট্রিকসটি জেনে নেয়। পরে তা সরকারের বিভিন্ন সংস্থা বা অন্য প্রতিষ্ঠানের কাছে সেসব ট্রিকস বিক্রি করে দেয়।
জিরোডিউমের এই ঘোষণাকে সাইবার নিরাপত্তার জন্য অশনিসংকেত হিসেবে অভিহিত করেছেন অ্যাপলের অন্যতম সেরা হ্যাকার ও সাইবার নিরাপত্তা ফার্ম সেনাকের রিসার্চ ডিরেক্টর প্রেট্রিক ওয়ার্ডলে।
অপরদিকে, জিরোডিউমের প্রধান নির্বাহী ছাওকি বেকরা’র দাবি, আইনপ্রয়োগকারী সংস্থাগুলোর বিভিন্ন তদন্তে সহযোগিতা করার জন্যই তারা মূলত কাজটি করে থাকেন।
জিরোডিউম গত বছর অ্যাপলের আইওএস অপারেটিং সিস্টেম চালিত একটি সফটওয়ার হ্যাক করার জন্য হ্যাকারকে ১০ লাখ মার্কিন ডলার পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছিল। এছাড়াও অ্যান্ড্রয়েড ও উইন্ডোজ ফোন হ্যাক করার জন্য ১ লাখ মার্কিন ডলার পুরস্কারের ঘোষণা দেয় তারা। অপারেটিং সিস্টেমের পাশাপাশি প্রতিষ্ঠানটি অ্যাডোবির জনপ্রিয় সফটওয়ার অ্যাডোবি পিডিএফ ও অ্যাডোবি ফ্ল্যাশ প্লেয়ার হ্যাক করার জন্য ৮০ হাজার মার্কিন ডলার পুরস্কারের ঘোষণা দিয়েছিল।
