টেক জায়ান্ট গুগুলের বিরুদ্ধে মামলা করেছেন প্রতিষ্ঠানটির এক্সপ্রেস ডেলিভারি সার্ভিসের একজন চালক। চলতি অক্টোবর মাসের শেষ শুক্রবার দায়ের করা এই মামলায় গুগলের বিরুদ্ধে কর্মচারী হিসেবে গণ্য না করা এবং প্রাপ্য মজুরি না দেওয়ার অভিযোগ আনেন এনা কুরি নামের এক নারী। রয়টার্স জানিয়েছে, সেইম ডে শপিং সার্ভিস ‘গুগল এক্সপ্রেস’ এ ড্রাইভার হিসেবে কর্মরত ছিলেন কুরি। অন্য একটি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিয়োগ পেলেও কর্মঘন্টার পুরোটুকু সময় গুগলের জন্যই কাজ করতে হয় তাকে। এই সময়টায় গুগল এক্সপ্রেসের ইউনিফর্ম পরে প্রতিটি ডেলিভারির কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করছিলেন তিনি। ম্যাসাচুসেটস প্রদেশের আইন অনুযায়ী এ ধরনের দায়িত্ব পালনকারী অবশ্যই প্রতিষ্ঠানের কর্মচারীর মর্যাদা পাবেন। সে হিসেবে ওভারটাইম এবং অন্যান্য খরচসহ গুগল নিযুক্ত কর্মচারীর সব সুবিধা পাবেন কুরি-এমনটাই দাবি করেছেন কুরির আইনজীবী। তবে এ ব্যাপারে গুগলের পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি। বর্তমানে কর্মক্ষেত্রে অধিকার নিয়ে বিভিন্ন আদালতে মামলার সংখ্যা বেশ বেড়েছে বলে জানিয়েছে রয়টার্স। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে এই ইস্যুটিও গুরুত্ব পেয়েছে বলে সাইটটিতে জানানো হয়। ইতোপূর্বে অনলাইন ট্রান্সপোর্টেশন সার্ভিস ইউবার, লিফট এবং অ্যামাজনের বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ করে মামলা করেন প্রতিষ্ঠানগুলোর কয়েকজন চালক।ম্যাসাচুসেটস স্টেট কোর্টে দায়ের করা এই মামলাটি ‘এনা কুরি বনাম গুগল ইনকর্পোরেটেড এবং বিভএক্স ইনকর্পোরেটেড’ নামে নথিভূক্ত করা হয়েছে।